মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

ভাটারায় ১২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। এ সময় মদ বহন ও বিক্রির কাজে ব্যবহৃত তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৩২৫টি বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর বারিধারা জে ব্লকের ১৩ নম্বর রোড সংলগ্ন প্যারাগন কার সেলস সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ শামীম (৪৩)। এসআরবি-১-এর সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্র জানায়, দেশীয়ভাবে প্রস্তুতকৃত চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে অন্যত্র স্থানান্তরের জন্য কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শামীম ও তার এক সহযোগী পালানোর চেষ্টা করে। অভিযানিক দলের সদস্যরা শামীমকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শামীম জানায়, সে ও তার পলাতক সহযোগী পরস্পর যোগসাজশে অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরি চোলাই মদ অন্যত্র স্থানান্তরের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল।

পরে তার হেফাজতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩২৫টি বোতলে সংরক্ষিত ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।

ক্যাটাগরি