ফুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
ময়মনসিংহের ফুলপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে জিআর (গ্রামীণ সহায়তা) চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসক তারেক আহমেদ, ইউনিয়ন পরিষদের সচিব হোসাইন আলী, ইউপি সদস্য মো. মুমিন আলী, মোছা. মৌসুমী আক্তার, রিনা খাতুন ও মোছা. আফরোজা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর খাদ্যসংকট মোকাবিলা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ চাল বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।