আলীকদমে দুর্গম রালাইপাড়ার আবাসিক শিক্ষার্থীদের পাশে সেনা জোন: স্কুল ও হোস্টেলে ত্রাণ সহায়তা প্রদান
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরকারি স্কুল ও হোস্টেলের শিক্ষার্থীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে আলীকদম সেনা জোন। গত বুধবার (১১ নভেম্বর) সেনা জোনের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম এই এলাকার কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে স্থানীয়দের উদ্যোগে একটি স্কুল ও আবাসিক হোস্টেল পরিচালিত হয়ে আসছে। সীমিত সুযোগ-সুবিধার মাঝে বর্তমানে সেখানে ৩৪ জন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি আবাসন সুবিধা গ্রহণ করছে। সম্প্রতি ওই পাড়ার কারবারি শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আলীকদম সেনা জোনের নিকট সহায়তার আবেদন জানান।
আবেদনের বিষয়টি মানবিক ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনা জোন কর্তৃপক্ষ দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়। প্রেরিত এই ত্রাণসামগ্রীর ফলে হোস্টেলে থাকা ৩৪ জন শিক্ষার্থীর দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রম আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে আসছে। আলীকদম সেনা জোনের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।