রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব

আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র।
 
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক প্রকিউরমেন্ট কার্যক্রমে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের দায়িত্ব। এ ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
বিগত সময়ের নির্বাচনব্যবস্থার সমালোচনা করে স্পিকার বলেন,গত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ এখন বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করে যাচ্ছে।
 
এ সময় সংসদের উন্নয়ন প্রকল্পে নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ জানান স্পিকার এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পেরেছি, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) অর্জন করতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও এসডিজি বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না। বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখা।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। কর্মশালায় সংসদ-সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি