রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিলো ঢাকার জার্মান দূতাবাস

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির সরকার। এর ফলে আবেদনকারীরা দূতাবাসে যাওয়ার আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন।

তবে নতুন ব্যবস্থায় আগের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। ফলে, আগে থেকে নিবন্ধন করে অপেক্ষায় থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে,জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টাল (আউসল্যান্ডসপোর্টাল) চালু করা হচ্ছে। নতুন এই ব্যবস্থার আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা দূতাবাসে যাওয়ার আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি, ভিসা আবেদনপ্রক্রিয়ায় সহায়তাকারী প্রতিষ্ঠান ভিএফএস আগেই এসব কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই করে দেবে।
নতুন ব্যবস্থায় দূতাবাসে গিয়ে কাজ শেষ করতে আগের চেয়ে কম সময় লাগবে। সেখানে আবেদনকারীদের শুধু বায়োমেট্রিক তথ্য দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রের চূড়ান্ত যাচাই সম্পন্ন হবে।

এছাড়া, অনলাইনে পোর্টালের ড্যাশবোর্ড থেকেই আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে। পরিবারের সদস্যরাও চাইলে একই সঙ্গে যৌথভাবে আবেদন করতে পারবেন। নতুন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতিতে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। ফলে, যারা আগের পদ্ধতিতে নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় রয়েছেন, তাদেরও নতুন করে নিবন্ধন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা নিবন্ধনগুলো নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না। সেগুলো আর কার্যকর থাকবে না। তাই সব আবেদনকারীকে নতুন ডিজিটাল পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবার আবেদন জমা দিতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, বিস্তারিত নির্দেশিকা ও আবেদনসংক্রান্ত তথ্যও পাওয়া যাবে ওই পোর্টালে।

আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de

 সূত্র: ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ

ক্যাটাগরি