বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটির লংগদু কলেজকে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

রাঙামাটির লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের পক্ষ থেকে চার লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে কলেজ কর্তৃপক্ষের কাছে এ অনুদানের অর্থ হস্তান্তর করেন। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহযোগিতা দেওয়া হয়।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, লংগদু সরকারি কলেজের অধ্যক্ষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় শর্ত পূরণের অংশ হিসেবে অনুদানের চার লাখ টাকা কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন অযোগ্য আমানত হিসেবে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে কলেজটি আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণে সক্ষম হবে।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা উন্নত সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি