মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বাংলাদেশ সরকার ঘোষিত মশাবাহিত রোগ প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ায় অবস্থিত ঐতিহাসিক লকমা জমিদার বাড়িতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিত্যক্ত ও ভগ্নদশাপ্রাপ্ত জমিদার বাড়ির আঙিনায় জমে থাকা ঝোপঝাড়, আগাছা এবং মশা-মাছিসহ ক্ষতিকর কীটপতঙ্গের সম্ভাব্য আবাসস্থল নির্মূলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, জমিদার বংশের অষ্টম পুরুষ মোখলেছুর চৌধুরীসহ ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিডি ক্লিনের সদস্য, পাঁচবিবি পৌরসভার কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে জেলা প্রশাসক আল মামুন মিয়া ঐতিহাসিক লকমা জমিদার বাড়ির ভগ্নদশা স্থাপনা ও সংলগ্ন মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেন।

স্থানীয়দের মতে, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি