“আইন অমান্য করে সাংবাদিকতা: লামার দুই এমপিওভুক্ত শিক্ষক নবীর উদ্দিন ও সাহাব উদ্দিন”
সরকারি বিধিমালা ও শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে বান্দরবানের লামা উপজেলায় শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় জড়িত থাকার অভিযোগ উঠেছে দুই এমপিওভুক্ত শিক্ষকের বিরুদ্ধে।
অভিযুক্ত দুই শিক্ষক হলেন— মুহাম্মদ নবীর উদ্দিন ও মো. সাহাব উদ্দিন রিটু। সরকারের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা অন্য কোনো লাভজনক পেশা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে না পারলেও, নীতিমালার তোয়াক্কা না করে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এতে একদিকে যেমন সরকারি নিয়মনীতির লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
মুহাম্মদ নবীর উদ্দিন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি। তিনি লামা প্রেসক্লাবের বিতর্কিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
মো. সাহাব উদ্দিন রিটু লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ডেইলি সান পত্রিকার লামা প্রতিনিধি। তিনি ওই একই কমিটিতে অর্থ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালনের কথা থাকলেও ওই দুই শিক্ষক সাংবাদিকতার পরিচয়ে বিভিন্ন দপ্তরে তদবির এবং সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকেন। সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন-ভাতা (এমপিও) গ্রহণের পরও অন্য পেশায় যুক্ত থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চলতি বছরের গত ১৮ সেপ্টেম্বর গঠিত লামা প্রেসক্লাবের নতুন কমিটিতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এই দুই শিক্ষক নিজেই। পরবর্তীতে ওই কমিটিতে নিজেদের পদ বাগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ নবীর উদ্দিনের বিরুদ্ধে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রভাব বিস্তার, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা, ছুটি না নিয়ে অনুপস্থিত থেকে বিভিন্ন এলাকায় গমন এবং মাদ্রাসার কাছাকাছি একটি বেসরকারি স্কুল পরিচালনার অভিযোগ রয়েছে। এছাড়া প্রভাব খাটিয়ে মাদ্রাসার অভ্যন্তরীণ ক্রয় ও উন্নয়ন কার্যক্রমে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
অপর অভিযুক্ত মো. সাহাব উদ্দিন রিটু কার্যক্রম নিষিদ্ধ লামা পৌর যুবলীগের সহ-সভাপতি। তাঁর বিরুদ্ধে অতীতে বিভিন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থেকে নির্দিষ্ট নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নেওয়া, কেন্দ্র দখল ও দিনের ভোট রাতে সম্পন্ন করে ব্যালট বক্স পূর্ণ করে রাখার গুরুতর অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান জেলা ও লামা উপজেলা শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এমপিও নীতিমালার বাইরে গিয়ে সরকারি বিধি লঙ্ঘন করে কোনো শিক্ষক অন্য পেশার সাথে যুক্ত থাকার প্রমাণ পেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায় জানান, ‘একজন শিক্ষক অন্য কোনো পেশার সাথে জড়িত থাকতে পারেন না, এটা যৌক্তিকও না। দুটি পেশার যে কোনো একটি ছাড়তেই হবে। আমি অতিদ্রুত দুই প্রতিষ্ঠান প্রধানকে ডাকব, জানতে চাইব কীভাবে তাঁরা একসাথে দুটি পেশায় থাকছেন। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করা এই দুই শিক্ষকের বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী এখন আর শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সুযোগ নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এমপিওভুক্ত শিক্ষকরা সরকার থেকে বেতন পান। সরকারের নিয়মনীতির বাইরে যাওয়ার বিন্দু পরিমাণ সুযোগ নেই।’
শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, শিক্ষকতা একটি পবিত্র পেশা। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান এবং মাঠপর্যায়ে সাংবাদিকতা চালিয়ে যাওয়া নীতিগত ও আইনগত উভয় দিক থেকেই অগ্রহণযোগ্য। অবিলম্বে শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালার ১১ নম্বর ধারার ১৭ উপধারার ‘ক’ ও ‘খ’ বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, সংশোধিত এমপিও নীতিমালায় শিক্ষকদের ‘আর্থিক লাভজনক’ কোনো পেশায় জড়িত থাকা যাবে না। আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখও করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিকতা, আইন পেশা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা। নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে, চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।