চট্টগ্রাম মহানগরী জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের শপথ গ্রহণ
নেতৃত্বের আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা ইসলামী আন্দোলনের অগ্রযাত্রার অন্যতম ভিত্তি: মুহাম্মদ শাহজাহান
চট্টগ্রাম, ৫ নভেম্বর ২০২৬: রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম। নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ হলরুমে এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত আমীর মুহাম্মদ নজরুল ইসলামকে শপথবাক্য পাঠ করান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, বিশিষ্ট আলেমেদ্বীন ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, অধ্যাপক মাওলানা লিয়াকত আকতার ছিদ্দিকী, নগর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, ড. আ ম ম মসরুর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সদরঘাট থানা আমীর এম. এ. গফুরসহ মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ইসলামী আন্দোলনের সফলতা ও অগ্রযাত্রার জন্য নেতৃত্বের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক শৃঙ্খলা অপরিহার্য। সংগঠনের সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নেতৃত্বের প্রতি আনুগত্য মানে ব্যক্তিপূজা নয়; বরং সংগঠনের নীতি, আদর্শ ও নিয়মতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা। মতপার্থক্য থাকলে তা সাংগঠনিক পদ্ধতিতে উপস্থাপন করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা ক্ষুদ্র স্বার্থ যেন সংগঠনের শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার পরিবেশ বজায় রাখতে হবে। দায়িত্ব ও পদ কখনো সম্মান বা প্রভাব বিস্তারের মাধ্যম নয়; বরং এটি দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে কাজ করার একটি সুযোগ। সংগঠনের প্রত্যেক স্তরের নেতাকর্মীকে জবাবদিহি, সময়ানুবর্তিতা ও সাংগঠনিক নিয়মনীতি মেনে চলতে হবে। নেতৃত্বের পরিবর্তন সংগঠনের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তাই নবনির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করার পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবনির্বাচিত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমীরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা বা সম্মানের বিষয় নয়; এটি একটি গুরুদায়িত্ব ও আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আল্লাহর ভয়, জবাবদিহির অনুভূতি এবং দায়িত্বের প্রতি আমাদেরকে সর্বোচ্চ নিষ্ঠা থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে সংগঠনের প্রত্যেকটি কাজ পরিচালনা করতে হবে। তিনি বলেন, সংগঠনের রুকন, কর্মী ও দায়িত্বশীলদের সহযোগিতা ছাড়া কোনো দায়িত্বই যথাযথভাবে পালন করা সম্ভব নয়। চট্টগ্রাম মহানগরী জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে সঙ্গে নিয়ে শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন। এ দায়িত্ব পালনে তিনি সবার দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (৪ নভেম্বর) মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত মহানগরী আমীরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে আমীরগণ নির্বাচিত হয়েছেন।