বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রুমার দুর্গম পাহাড়ে মানুষের দুর্ভোগ কমাতে সেনাবাহিনীর গাড়ি উপহার

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন। দুর্গম এলাকার ১৪টি পাড়ার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও জরুরি রোগী পরিবহনের সুবিধার্থে একটি চাঁদের গাড়ি উপহার দিয়েছে সেনাবাহিনী। গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘সম্প্রীতি এক্সপ্রেস’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটির চাবি স্থানীয় পাড়া প্রতিনিধিদের হাতে তুলে দেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।

সেনাবাহিনীর দেওয়া গাড়িটি মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, হ্যাপিহিল পাড়া ও বাসাত্লংপাড়াসহ মোট ১৪টি পাড়ার মানুষের চলাচলে ব্যবহৃত হবে। এসব এলাকার বম, মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ এর মাধ্যমে সহজে যাতায়াতের পাশাপাশি নিজেদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের সুযোগ পাবেন। বিশেষ করে অসুস্থ রোগীদের দ্রুত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ক্ষেত্রে গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম এই পথগুলোতে দীর্ঘদিন ধরে নিয়মিত যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় পাড়াবাসীকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। অনেক সময় অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো তাদের। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াও ছিল বেশ কষ্টসাধ্য।

সেনাবাহিনীর এই উদ্যোগে পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গাড়িটির সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় পাড়া প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।

ক্যাটাগরি