বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

পাঁচবিবিতে অনলাইনে সম্প্রচারিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেছেন। খুলনা থেকে উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।

এরই অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাতেও উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদর্শনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন এ আয়োজনের ব্যবস্থা করেন। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিশাল ব্যানারে ক্রীড়াবিষয়ক বিভিন্ন চিত্র প্রদর্শনের পাশাপাশি পরিষদের সভাকক্ষে বড় পর্দায় খুলনা থেকে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, প্রধানমন্ত্রীর এই ক্রীড়া আয়োজনের উদ্বোধনের পর পাঁচবিবি উপজেলার শিশু-কিশোর শিক্ষার্থীরাও ধারাবাহিকভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের কার্যক্রম সম্পন্ন করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে।

পরে পাঁচবিবিতে ক্ষুদে দাবাড়ুদের অংশগ্রহণের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর স্থানীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এ ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর অংশ নিচ্ছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ১০টি ইভেন্টে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ক্যাটাগরি