বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

ওয়ানডে থেকে গত বছরের জুনেই অবসরে গিয়েছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন। প্রথম শ্রেণির পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটেও তাকে আর দেখা যাবে না।
তবে ম্যাক্সওয়েল বিগ ব্যাশে খেলে যাবেন। মেলবোর্ন স্টার্সের সঙ্গে তার ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে।

ফাইনাল ওয়ার্ড পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছিল। আলোচনাগুলো বেশ খোলামেলাই ছিল। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। তাই আমরা বিষয়টি আপাতত অনিশ্চিত রেখেছিলাম, ভবিষ্যতের জন্য সম্ভাবনার দরজাও খোলা রেখেছিলাম।’

তিনি যোগ করেন, ‘সামনে কয়েকটি সিরিজ ছিল। তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিল। বাংলাদেশ সফরেও আমরা সেটি দেখেছি। সেখানে নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছে এবং দারুণ পারফরম্যান্স করেছে।’

ম্যাক্সওয়েলের এই সিদ্ধান্তের ফলে গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই হয়ে গেল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে বিদায় নিতে চেয়েছিলেন তিনি। এই অলরাউন্ডার বলেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার একটা ক্ষীণ আশা বা আলোচনা ছিল। তবে এই দল নিয়ে তারা যে পথে এগোতে চাইছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।’
৩৮ বছর বয়সি ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে ও ১৩০টি টি-২০ খেলেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে ২৮৯৭ রান করার পথে তিনি ব্যাট করেছেন ১৫৪-এর বেশি স্ট্রাইকরেটে।

ক্যাটাগরি