বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

আলীকদম জোনের চৈক্ষং গোল্ড কাপে আর্থিক সহায়তা

যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসারে উদ্যোগ গ্রহণ করেছে আলীকদম জোন। এরই ধারাবাহিকতায় চৈক্ষং গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেছে আলীকদম জোন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ‘চৈক্ষং গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় আসর।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী,খেলোয়াড় ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে মাঠে প্রায় দুই হাজার দর্শকের সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ইফতিয়াকুর রহমান। এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন ইফতিয়াকুর রহমান বলেন, যুবসমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক ধারায় পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের পরামর্শ দেন।

আয়োজক সূত্রে জানা যায়,স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের প্রতিভা বিকাশ, নতুন খেলোয়াড় তৈরি এবং এলাকার যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে আলীকদম জোনের আর্থিক সহযোগিতা আয়োজকদের অনুপ্রাণিত করেছে।

উদ্বোধনী দিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। খেলা শেষে অতিথিরা সেরা পারফরমার ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজক কমিটি আশা প্রকাশ করে জানায়,আলীকদম জোনের সহযোগিতা এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোও সফলভাবে সম্পন্ন হবে। তাদের প্রত্যাশা, চৈক্ষং গোল্ড কাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে স্থানীয় যুবসমাজের মধ্যে ঐক্য,ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি