বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে সাইবার সেলের অভিযানে ফিরল ৫১ মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

মেহেদী হাসান,রাঙামাটি প্রতিনিধি॥

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষ প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। একপর্যায়ে দেশের বিভিন্ন স্থান থেকে ৫১টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। এ সময় তারা পুলিশ সুপারসহ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, জনসেবাকে অগ্রাধিকার দিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যাটাগরি