রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বনরূপাস্থ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন রাঙামাটি জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস এম ফরিদ উদ্দিন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য মো. জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মো. আজম খাঁন চৌধুরী, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, সহ-সভাপতি রবিউল আলম, সহ-সাধারণ সম্পাদক হাজী বখতেয়ার হোসেন, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক হাজী মো. কামাল হোসেন এবং সদস্য মো. আলমগীর, ইকবাল আহমেদ ও নূর হোসেন রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস এম ফরিদ উদ্দিন জানান, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৮ ও ৯ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৫ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১৬ ও ১৭ নভেম্বর মনোনয়নপত্রের বিষয়ে আপিল আবেদন গ্রহণ এবং ১৮ থেকে ২২ নভেম্বর আপিলের শুনানি ও সিদ্ধান্ত প্রদান করা হবে।
এ ছাড়া ২৩ নভেম্বর বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বনরূপাস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এস এম ফরিদ উদ্দিন আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ১৯ ধারা, সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০)-এর ২৪ নম্বর বিধি, এ-সংক্রান্ত সরকারি সার্কুলার এবং সমিতির উপ-আইন অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্ট পদে নির্বাচিত হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।