বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটিতে পুলিশের অভিযানে অপহরণকারীসহ ১৫ জন আটক

মেহেদী হাসান, রাঙামাটি

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে অপহরণকারী, মাদক কারবারি, মাদকসেবী ও বখাটে কার্যক্রমে জড়িত কিশোরসহ মোট ১৫ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে অপহরণ সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. মাসুম (২১) ও মো. জাকির হোসেনকে (৪৩) গ্রেফতার করা হয়।

এছাড়া মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মামুনুর রশিদ (৩১), মো. কামাল হোসেন (৩৯) ও মোরশেদ আলম প্রকাশ মুনাফ ড্রাইভারকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, বেসামাল অবস্থায় লিটন বড়ুয়া (৪৮), বিন্দু চন্দ্র দে (৪৭) ও আব্দুর রহমান প্রকাশ সিহাবকে (৩৫) আটক করা হয়।

এছাড়া বখাটে কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১৬ থেকে ২১ বছর বয়সী সাতজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন কিশোর রয়েছে।

পুলিশ জানায়, আটক কিশোরদের অভিভাবকরা তাদের সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পিতা-মাতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ক্যাটাগরি