বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় বজ্রপাতে নিহত দুই পরিবারের পাশে প্রশাসন, আহতদেরও আর্থিক সহায়তা

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে নিহত দুই ব্যক্তির শোকসন্তপ্ত পরিবার এবং আহত দুই ব্যক্তির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আকস্মিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক সোমাইয়া আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৫০ কেজি চাল দেওয়া হয়েছে। অন্যদিকে, আহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ৫০ কেজি চাল প্রদান করা হয়।

এ সময় স্বজন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায় উপজেলা প্রশাসন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে সহযোগিতার অংশ হিসেবে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

আকস্মিক বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

ক্যাটাগরি