আলীকদমে যৌথ বাহিনীর বাজার পরিদর্শন ও উচ্ছেদ অভিযান, পরিচ্ছন্নতা ফেরাতে ৩ দিনের আল্টিমেটাম
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম বাজারের শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আলীকদম বাজার ও পানবাজারে যৌথ পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আলীকদম সেনাজোনের জোনাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ পুলিশের একটি প্রতিনিধি দল অংশ নেন। অভিযানে পুরো বাজার ঘুরে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, রাস্তার ওপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং যত্রতত্র অটো, চাঁদের গাড়ি ও অটোরিকশা পার্কিং তাৎক্ষণিক উচ্ছেদ করা হয়। সড়কে অবৈধ পার্কিং পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় মাছ বাজার অংশে চরম অপরিচ্ছন্নতা দেখে যৌথ দল ক্ষোভ প্রকাশ করে। বিশেষ করে পানবাজার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বর্জ্য না ফেলার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। অভিযান শেষে বাজার কমিটিকে তিন দিনের একটি আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ড্রেন পরিষ্কার, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং পুরো বাজার এলাকা পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এদিনের অভিযানের মূল লক্ষ্য ছিল সচেতনতা সৃষ্টি। ছোটখাটো কিছু অনিয়ম পাওয়া গেলেও কোনো গুরুতর ত্রুটি না থাকায় কাউকে জরিমানা বা মামলা দেওয়া হয়নি। তবে দ্রুত অনিয়মগুলো নিরসন করে জোন কার্যালয় ও উপজেলা পরিষদে রিপোর্ট জমা দেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান শেষে বাজার কমিটি ও ব্যবসায়ীদের নিয়ে একটি সচেতনতামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বাজারের স্থায়ী শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রশাসনের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষ। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।