বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

টেস্ট বোলিংয়ে আবারও এক নম্বরে স্টার্ক, উন্নতি নাঈম-শরিফুলের

আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জানসেনকে সরিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন তিনি। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন স্টার্ক।

ম্যাচে অস্ট্রেলিয়া ১৭৬ রানে হেরে সিরিজ খুইয়েছে ২-১ ব্যবধানে। তবে বল হাতে উজ্জ্বল ছিলেন স্টার্ক। দুই ইনিংসে যথাক্রমে ৭২ রানে ৬ উইকেট ও ৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তাতেই মাত্র এক সপ্তাহ আগে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা জানসেনকে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার এই পেসার।

দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমারেরও বড় উন্নতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। তৃতীয় টেস্টে ম্যাচসেরার পুরস্কার জেতা এই অফস্পিনার প্রথমবারের মতো এক ম্যাচে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। তাতে টেস্ট বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। হারমারের রেটিং পয়েন্ট এখন ৮১৭, যা দক্ষিণ আফ্রিকার কোনো স্পিনারের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৫৭ সালের ফেব্রুয়ারিতে হিউ টেফিল্ডের রেটিং পয়েন্ট ছিল ৮৯৫।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও দক্ষিণ আফ্রিকার আধিপত্য। শীর্ষে মার্কো জানসেন, তৃতীয় স্থানে উইয়ান মাল্ডার এবং পঞ্চম স্থানে উঠে এসেছেন হারমার। তালিকায় দ্বিতীয় ভারতের রবীন্দ্র জাদেজা এবং চতুর্থ বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়েছে সাপ্তাহিক হালনাগাদে। আট উইকেটের জয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান ৯ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে উন্নতি হয়েছে নাঈম হাসান ও শরিফুল ইসলামের। চার ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠেছেন নাঈম। তিন ধাপ উন্নতিতে শরিফুলের অবস্থান এখন ৫৪তম। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজও ছয় ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠে এসেছেন।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার উইয়ান মাল্ডার দ্বিতীয় ইনিংসে ১১৫ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে উঠেছেন। রায়ান রিকেলটন ১০১ রান করে ২৫ ধাপ এগিয়ে ২৩তম হয়েছেন। মার্কস অ্যাকারম্যান দুই ইনিংসে ৯৫ ও ৬২ রান করে ১২৯ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের সাদমান ইসলামও চার ধাপ এগিয়ে ৬৩তম হয়েছেন।

এদিকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। পাকিস্তানের ফখর জামান শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অপরাজিত ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে নয় ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন। শ্রীলঙ্কার পাভান রথনায়েকে ৭৭ রানের ইনিংস খেলে ২০ ধাপ এগিয়ে ১৬তম হয়েছেন। ইংল্যান্ডের বেন ডাকেট শ্রীলঙ্কার বিপক্ষে ১৩২ বলে ১৬৭ রান করে ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন।

ওয়ানডে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন নামিবিয়ার জেজে স্মিট। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে টানা চার উইকেট করে নিয়ে ৪৪ ধাপ এগিয়েছেন তিনি। ভারতের জাসপ্রিত বুমরাহর সঙ্গে যৌথভাবে ৩০তম স্থানে এখন স্মিট।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ৫০ রান করে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন ভারতের শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৩ ধাপ এগিয়ে ২৪তম এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা ১২ ধাপ এগিয়ে ৪১তম হয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৩৪ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। অন্যদিকে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি অকল্যান্ডে ২৩ রানে চার উইকেট নিয়ে বোলারদের তালিকায় ২৩ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন।

ক্যাটাগরি