কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আলমগীর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের গোলচত্বরের উত্তর পাশে মেসার্স এমএস এন্টারপ্রাইজ নামের দোকানের সামনে ফুটপাত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প, ফল্যাইন্নাকাটা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কামাল হোসেন এবং মায়ের নাম মনোয়ারা বেগম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি শপিং ব্যাগের ভেতরে কাগজের কার্টন থেকে ১০ হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৯৭০ গ্রাম। এ সময় একটি সিম্ফনি ব্র্যান্ডের বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(গ)/৩৮ ধারায় কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।