টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত!
কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১:০০টার দিকে সাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত মো. হোসেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দার বশরের ছেলে বলে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।
আহত পাঁচজন হলেন, আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁরা ছয়জন টেকনাফ সদর মেরিন ড্রাইভ সংলগ্ন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার জন্য সাগরে রওনা হন। মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয় একপর্যায়ে বজ্রপাত নৌকায় আঘাত করলে মো. হোসেন গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা আরও পাঁচজন আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, বজ্রপাতে মো. হোসেনের বাম হাতে আঘাত লাগে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নওশাদ আলম কানন জানান, বজ্রপাতে আহত এক জেলেকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আহত অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, টেকনাফ সাগরে বজ্রপাতে সেন্টমার্টিনের এক জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।