চট্টগ্রামে লেগুনার আসনের নিচে মিলল এলজি ও কার্তুজ, একজনকে গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনার চালকের আসনের নিচে ব্যাগে রাখা দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা নিজাম উদ্দিন (২৮) নামের আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।
রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এসব তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান ডিবি পশ্চিম বিভাগের সদস্যরা। এ সময় একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করা হলেও তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান।
পরে মিজানুর রহমানের দেখানো মতে, লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (বন্দর ও পশ্চিম) কাজী মোহাম্মদ আব্দুর রহিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে অস্ত্র ও কার্তুজের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক নিজাম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে হালিশহর থানায় প্রতারণার একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে ডিবি।