টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নাফ নদীর তীরে গফুর মেম্বারের প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫), নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার বোট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।