সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার

বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন।

তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের চার মাস বয়সী সন্তান সুস্থ রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কক্সবাজার থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

এতে চালক আহত হন। ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর চট্টমেট্রো-গ ১২৫০৯৮।
প্রাইভেটকারটিতে চালক, এক দম্পতি ও তাঁদের চার মাস বয়সী একটি শিশু ছিল। তারা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বোয়ালখালী থানার এএসআই মো. মতিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন। তাঁরা চট্টগ্রাম নগর থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন।

গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টায় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

ক্যাটাগরি