সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পুলিশের ওপর হামলার মামলায় সন্ত্রাসী বগাসহ চারজনের রিমান্ড

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান ওরফে কালা হাসান।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, পুলিশ ১০ দিনের রিমান্ডে আবেদন করে। আদালত ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়াকিল হোসেন বগাসহ ১২ জন এজাহারনামীয় আসামিকে রিমান্ড আবেদন করা হয়েছিল। আজ (সোমবার) আদালত শুনানি শেষে বগাসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকী আটজনের রিমান্ড নামঞ্জুর করেছেন।

এর আগে গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে তার অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

ক্যাটাগরি