বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় জামায়াতের বিশাল বিক্ষোভ: ২৮ অক্টোবরের লগি-বৈঠার খুনিদের বিচারের দাবি

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগের নজিরবিহীন ও নৃশংস লগি-বৈঠার ফ্যাসিস্ট তাণ্ডবের খুনিদের অবিলম্বে বিচারের দাবিতে বান্দরবানের লামায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার লগি-বৈঠা ও নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে লামা উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিকেল সাড়ে ৫টায় মিছিলটি লামা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক ঐতিহাসিক রূপ নেয়। পরে মিছিলটি উপজেলা পরিষদের সম্মুখ সড়কে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

লামা উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা শাখার সভাপতি ফারুক আহমদ। এতে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মো. ফরিদুল আলম, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সাকিবুল হাসান মারুফ এবং জামায়াতের যুব বিভাগের উপজেলা সেক্রেটারী আজিমুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের সূচনা করেছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই খুনি ও গণহত্যাকারীদের দেশের মাটিতে বিচার করতেই হবে। বক্তারা অবিলম্বে এই নারকীয় হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী তাণ্ডবে শাহাদাতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির ক্রান্তিকালীন মুক্তির লক্ষ্যে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ক্যাটাগরি