রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে ২৮তম কঠিন চীবর দান উৎসব
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের ২৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান ও মহাস্থবির বরণ অনুষ্ঠান-২০২৬। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও দানের আয়োজন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রে ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান ভান্তে হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ভদন্ত ড. জিনবোধি মহাথের। এ সময় রাজবন বিহারের আবাসিক প্রধান শিষ্য সংঘের প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার মহাথের।
শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। এ ছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ধর্মীয় রীতি অনুযায়ী দান, পূজা, প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কঠিন চীবর দানকে ঘিরে আয়োজিত এ ধর্মীয় সমাবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের আবহ সৃষ্টি হয়।