রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

খুলনায় সন্ধানী ক্লিনিকে দুর্বৃত্তদের হামলা, ব্যাপক ভাঙচুরের পর গুলি

মারুফ চৌধুরী পমিন, খুলনা সিটি রিপোর্টার:

খুলনায় সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কমার্স কলেজের বিপরীতে ক্লিনিকটির নিজস্ব ভবনে এ হামলার ঘটনা ঘটে। ভাঙচুর শেষে ক্লিনিকের বাইরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ৮ থেকে ১০ জন মুখোশধারী ব্যক্তি ক্লিনিকের ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা প্রবেশপথে প্রফেসর ডা. মো. কুতুবউদ্দিন মল্লিকের চেম্বারের সামনের কাচ ভাঙচুর করে। পরে ডা. মোয়াজ্জেম হোসেনের চেম্বারের সামনের কাচসহ ভেতরে থাকা চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় আত্মরক্ষার জন্য চিকিৎসক দুজন সেখান থেকে সরে যান।

এরপর দুর্বৃত্তরা ক্লিনিকের ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ক্যাশ কাউন্টারের সামনের সব কাচ ভেঙে ফেলা হয়। আকস্মিক এ হামলায় ক্লিনিকের ভেতরে চিকিৎসাসেবা নিতে আসা রোগী, স্বজন ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকে ছোটাছুটি শুরু করেন।

ভাঙচুর শেষে ক্লিনিক থেকে বের হওয়ার সময় বাইরে থাকা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে তারা পায়ে হেঁটে বাবুখান রোডের দিকে চলে যায়।

এ ঘটনায় ক্লিনিকজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ক্যাটাগরি