শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, সাড়ে ৭ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ আটক ২ মাদক কারবারি, পালিয়ে গেছেন আরও একজন

মোঃ আজাদ আলী, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এসআরবি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ৭ হাজার ৫০০ পিস জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে অভিযানকারী দল। তবে অভিযানের সময় আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এসআরবি-৫, জয়পুরহাটের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ অক্টোবর শনিবার রাত ১২টার পর বিজিবি-২০ ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী চেঁচড়া গ্রামের বাইতুস সালাম জামে মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে মৃত মল্লুক চাঁদের ছেলে আবুল কাশেম (৫৫) এবং মৃত ছইমুদ্দিনের ছেলে সুরুজ মণ্ডলকে (৪০) আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ভুঁইডোবা গ্রামের রিফাত (২৩)-এর বাড়িতে অভিযান চালানো হলে তিনি কৌশলে পালিয়ে যান বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযানের একপর্যায়ে রাত দেড়টার দিকে আটক দুই ব্যক্তির হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস অবৈধ মাদকজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআরবি জানায়, দেশে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র ও ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ক্যাটাগরি