দক্ষিণ মিঠাছড়ির চেইন্দায় ছয় বাড়িতে ডাকাতি, পুলিশের সাঁড়াশি অভিযান; গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা সুইচগেট এলাকায় ছয়টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর গহিন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ডাকাতির ঘটনার পর রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় রাত ১২টা থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবছার, এসআই ইলিয়াস, এসআই জাহেদ ও এসআই কোরবান। এ সময় স্থানীয় ইউপি সদস্য জাফর আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অভিযানে অংশ নেন বলে জানা গেছে।
চেইন্দা সুইচগেট এলাকায় একাধিক বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের এ অভিযান পরিচালিত হয়।
তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয়, ডাকাতির ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা এবং অভিযানে কোনো মালামাল উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে রামু থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।