বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সাজেকে অবরোধ সরাতে গিয়ে গোলাগুলি, কয়েক সেনা সদস্য আহতের খবর।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় পর্যটকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক সংবাদকর্মী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। অবরোধের কারণে উজোবাজারে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে নেওয়ার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড সরানোর চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়।

ঘটনাস্থলে অবস্থানরত বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, সকালে প্রায় তিন হাজার পর্যটককে বহনকারী গাড়িবহর নিরাপত্তা বাহিনীর স্কর্টে উজোবাজারে পৌঁছালে আন্দোলনকারীদের দেওয়া ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের ব্যারিকেড সরিয়ে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানায়। তবে তারা সরে না যাওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।

আনোয়ার হোসেনের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলে নিরাপত্তা বাহিনী অবরোধকারীদের সরিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। পর্যটকরা উজোবাজার এলাকা ত্যাগ করার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়। এতে কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, গুলিবিনিময়ের ঘটনায় পর্যটকদের কোনো ক্ষতি হয়নি। উজোবাজারে আটকে থাকা পর্যটকেরা নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে রাঙামাটি জেলা পুলিশ ও সাজেক থানায় একাধিকবার ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে গুলিবিনিময়ের ঘটনায় আহত সেনা সদস্যদের সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ক্যাটাগরি