শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

উৎসবমুখর ও প্রানবন্ত পরিবেশে আলীকদমে যুব রাইজিং স্টার-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে স্থানীয় সামাজিক সংগঠন ‘যুব রাইজিং স্টার অব আলীকদম’-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে মোট ১০৬ জন ভোটারের মধ্যে ৯২ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চারটি পদের জন্য আটজন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে ক্যাশিয়ার (অর্থ সম্পাদক) পদে একক প্রার্থী থাকায় শেফায়েতুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

ভোটগ্রহণ শেষে নিরপেক্ষভাবে গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। এতে সভাপতি পদে সালাম মোহাম্মদ সাদ্দাম হোসেন ‘চেয়ার’ প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আতাউল্লাহ ‘ছাতা’ প্রতীক নিয়ে পান ৩৩ ভোট। সহ-সভাপতি পদে ‘ফুটবল’ প্রতীক নিয়ে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ইশফাকুল ইসলাম, আর তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ মহিউদ্দিন ‘বাই-সাইকেল’ প্রতীকে পান ২৭ ভোট।

সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে মোঃ মনিরুল ইসলাম ‘কলম’ প্রতীক নিয়ে ৭২ ভোটের বিপুল ব্যবধানে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ জুবায়ের হোসেন বাদশা ‘ল্যাপটপ’ প্রতীকে পান ২০ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ‘আপেল’ প্রতীক নিয়ে ৪৯ ভোট পেয়ে জয়লাভ করেন মোঃ নুর নবী (নুরখান)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক নয়ন ‘উড়োজাহাজ’ প্রতীক নিয়ে পান ৪৩ ভোট।

পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন প্রধান নির্বাচন পরিচালক নুরুল ছাফা ভুইয়া (বাবু), সদস্য সচিব ফরহাদুল ইসলাম বাপ্পী এবং সদস্য মোঃ সাহাব উদ্দিন। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সার্বিক সহযোগিতা করেন আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাজার কমিটির সাবেক সেক্রেটারি কায়েস উদ্দিন।

নির্বাচন চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলীকদম থানা পুলিশের প্রতিনিধি দল উপস্থিত থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। শান্তিপূর্ণভাবে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটির মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতে আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাটাগরি