শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাপ্তাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ৫৪ সদস্য মোতায়েন

মো.জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৫৪ সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলার নয়টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ সদস্য ও ১৮ জন নারী সদস্য। তাঁরা শুক্রবার ১৬অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনা এবং জেলা কমান্ড্যান্টের আদেশক্রমে এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক দিকনির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন এ ব্রিফিংয়ের আয়োজন করেন। এতে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দায়িত্ব বণ্টন, সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ এবং দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেন।

এ সময় সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পূজামণ্ডপে আগত শিশু, বয়স্কসহ সব বয়সী দর্শনার্থীর সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং উৎসবের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব
দেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন জানান, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালকের সঙ্গে অনুষ্ঠিত কনফারেন্সে পাওয়া নির্দেশনার আলোকে সদস্যদের আরও দক্ষ ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠুভাবে দায়িত্ব বণ্টনের বিষয়ে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য, প্রশিক্ষিকা, পিসি আমজাদ হোসেন, এপিসি মোছলে উদ্দিনসহ আনসার ও ভিডিপির অন্যান্য সদস্যরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এবং সবার সহযোগিতায় কাপ্তাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে।

ক্যাটাগরি