লেবুর বস্তায় তিন কোটির ইয়াবা: বিজিবির সাঁড়াশি অভিযানে সীমান্ত থেকে জব্দ ১ লাখ ট্যাবলেট
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)—এর দুটি পৃথক সাঁড়াশি অভিযানে ৩ কোটি ১৩ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। শাকসবজির বস্তায় কিংবা পাহাড়ি পথ ও ব্রিজের আড়ালে লুকানো—এমন নানামুখী কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি সীমান্ত পাচারকারীদের। বিজিবির চোখ ফাঁকি দিয়ে মাদকের এই বিশাল চালান দেশের ভেতরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা মাঝপথেই বানচাল হয়ে গেছে। বিজিবির ১১ ও ৩৪ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।
অভিযানের বিবরণ দিয়ে বিজিবি জানায়, গত বুধবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্ট সংলগ্ন স্টিলের ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সেখানে তল্লাশির একপর্যায়ে লেবু ভর্তি দুটি পরিত্যক্ত বস্তা বিজিবির নজরে আসে। বস্তাগুলো খুলে তল্লাশি চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
একই সময়ে সীমান্ত এলাকায় আলাদা অভিযান চালায় ৩৪ বিজিবির ঘুমধুম বিওপির অপর একটি টহল দল। সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তারা মালিকবিহীন অবস্থায় আরও ৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও সেখান থেকে জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকার বেশি। দুটি পৃথক অভিযানে সর্বমোট ১ লাখ ৪ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজিবির অধিনায়করা সংবাদ সম্মেলনে জানান, কেবল সীমান্ত পাহারা দেওয়া বা রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মাদকের বিস্তার ও চোরাচালান রোধেও বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রাখছে। সীমান্ত অঞ্চলে পাচারকারীদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবির কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা এসব বিপুল পরিমাণ ইয়াবা ও মোটরসাইকেল পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।