বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রায়পুরে শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শরীফ হোসেন রিংকন,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের এম এম এ কাদের একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জামায়াত নেতা হারুনুর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহলে নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে একটি ফেসবুক পোস্টে করা মন্তব্যের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নিয়ে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এম এম এ কাদের একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দৈনিক সময়ের আলোর রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু এবং ক্যাপশনে লেখেন-
‘এই ছবিটির মাঝে ফুটে উঠেছে অনেক অজানা তথ্য…!’
—এমন স্ট্যাটাস ফেসবুকে প্রকাশের পর সেখানে দৈনিক খোলা কাগজের রায়পুর উপজেলা প্রতিনিধি জহির হোসেন সেখানে মন্তব্য করেন, “উনাদের বিরুদ্ধে নাকি বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলাও রয়েছে।” ওই মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

এ বিষয়ে সাংবাদিক জহিরুল ইসলাম টিটু ও জহির হোসেন দাবি করেন, এম এম এ কাদের একাডেমির প্রতিষ্ঠাতা আবুল কাদের প্রকাশ লোহা কাদেরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার একটি কপি তাঁর কাছে রয়েছে। ওই তথ্যের ভিত্তিতেই তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন জমি দখলের অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আমলে তিনি আওয়ামী লীগের দায়িত্বশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। তবে এ বিষয়ে সম্মানহানির আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মানববন্ধনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকে উপস্থিত থাকতে দেখা গেছে। তাঁদের মধ্যে ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মোল্লা ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলমের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জামায়াত নেতা হারুনুর রশিদের নেতৃত্বে এম এম এ কাদের একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির অনেক নেতাকে দাওয়াত দেওয়া হলেও সেখানে শুধু ওই ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মোল্লাকে দেখা গেছে।

সাংবাদিকদের বিরুদ্ধে এমন অপপ্রচারের অভিযোগের ঘটনায় রায়পুর প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাংবাদিকদের দাবি, কোনো মন্তব্যের বিষয়ে আপত্তি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার প্রতিবাদ জানানো যেতে পারে। তবে এ ধরনের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হলে তা তাদের শিক্ষার পরিবেশ ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হারুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি পরে বলবেন বলে ফোনকল কেটে দেন।

ক্যাটাগরি