মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

মোঃ আজাদ আলী, জয়পুরহাট:

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবাইদুল হক এবং পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী জুয়েল রানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের একদল ফায়ারকর্মী অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও অগ্নিকাণ্ড মোকাবিলার কৌশল প্রদর্শন করে মহড়া পরিচালনা করেন।

দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতেই দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাটাগরি