মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবানে সেনাবাহিনীর ছোঁয়ায় দৃষ্টি ফিরল ৩৮ জোড়া চোখের

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
পাহাড়ের দুর্গম খাঁদ বেয়ে শহরের কোনো আধুনিক হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা করানো পাহাড়ি হতদরিদ্র মানুষের জন্য এক অলৌকিক স্বপ্নের মতোই। অর্থাভাব আর যোগাযোগের সুনির্দিষ্ট অভাবের কারণে বছরের পর বছর চোখের আলো হারিয়ে কিংবা ঝাপসা দৃষ্টি নিয়ে বেঁচে থাকা সেই মানুষগুলোর জীবনেই এবার লাগল আশার পরশ। বাংলাদেশ সেনাবাহিনীর এক অনন্য মানবিক উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসাসেবা পেয়ে নতুন করে পৃথিবী দেখার সৌভাগ্য অর্জন করেছেন বান্দরবানের পার্বত্য অঞ্চলের ৩৮ জন প্রান্তিক নারী-পুরুষ।

​সেনাবাহিনী সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে সম্প্রতি অনুষ্ঠিত সেনা রিজিয়ন ও ব্রিগেডের যৌথ ফ্রি মেডিকেল ক্যাম্পে ওই চক্ষু রোগীদের প্রথম শনাক্ত করা হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পরবর্তীতে তাঁদের চট্টগ্রাম আগ্রাবাদ আই কেয়ার হাসপাতালে পাঠানোর সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। সেখানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সফলভাবে তাদের চোখের ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

​পরবর্তীতে সফল অস্ত্রোপচার শেষে বান্দরবান সেনা রিজিয়নের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স হাসপাতালে তাদের চোখের ড্রেসিং কার্যক্রম শেষ করা হয় এবং রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেয় সেনা কতৃপক্ষ। পাহাড়ে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিত করার এ মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পাহাড়ি সাধারণ মানুষ। পাহাড়ের মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক।

ক্যাটাগরি