কাপ্তাইয়ে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জন গ্রেপ্তার
মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫১৫ টাকা, জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে রাইখালী ইউনিয়নের ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে প্রায় ৫০ গজ দূরে মংনুচিং মারমার একটি মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার উপপরিদর্শক (এসআই) দুর্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি গ্রামের এনামুল হক মেম্বার (৫২), ডংনালা গ্রামের সুইচাপ্রু মারমা (৪৫) ও মংনুচিং মারমা (৪৮) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার আনোয়ার (৫৫), জাফর (৪৩) ও রিপন (৩৫)।
পুলিশ জানায়, অভিযানে একটি স্মার্টফোন, ছয়টি বাটন মোবাইল ফোন, তিনটি গ্যাস লাইট, দুই প্যাকেট তাস এবং নগদ ১২ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার ছয়জনকে রোববার (১১ অক্টোবর) সকালে পুলিশি পাহারায় রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।