রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাশিমনগরে দুর্বৃত্তের গুলিতে গ্যাস কোম্পানির অপারেটর আহত

শেখ তৈয়ব,খুলনা জেলা প্রতিনিধি
খুলনা নগরীর কাশিমনগর তিন নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে খুলনা সদর থানার কাশিমনগর সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জনিকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

আহত আশিকুজ্জামান জনি ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কর্মরত আছেন।

ঘটনার বিবরণ দিয়ে জনি জানান, শনিবার বিকেলে তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালো রঙের একটি মোটরসাইকেলে করে মুখ ও মাথায় মাস্ক পরা দুই ব্যক্তি এসে তাঁর ওপর দুই রাউন্ড গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর কোমরের ডান পাশে লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কাশিমনগরে জনি নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনার সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি