রাঙামাটিতে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা।
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে রাঙামাটি শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি ও রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মুনতাসির মামুন মনি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, বনরূপা ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং প্যানাসিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা, ভোক্তা অধিকার ও প্রযোজ্য আইন-কানুন যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।