টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক
নুর মুহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বহনকারী ইজিবাইকে তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকানো দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় বন্দুক, ৪২ রাউন্ড গুলি, চার কেজি বিস্ফোরক, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি, একটি ম্যাগাজিন, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।