রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘ধম্মচর্চা ও মানবতায় গড়ে উঠুক মানবিক বৌদ্ধ সমাজ’ এই প্রত্যয়ে চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মানব কল্যাণে ধম্মকথা’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একই সঙ্গে ধম্মশিক্ষা ও প্রজ্ঞাচর্চা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সংবর্ধনা এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাউজানের আধার মানিক বোধি নিকেতন বিহার, বৈল্যার দীঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোধি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যশ্রী ভিক্ষু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক রাজু বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের ভাইস প্রেসিডেন্ট লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এবং দীপঙ্কর প্রজ্ঞাবার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রণব বড়ুয়া। সম্মানিত অতিথি ছিলেন যীশু চৌধুরী, সুমন বড়ুয়া ও বিধান বড়ুয়া।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা উৎফল বড়ুয়াকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সচিব মনোনীত হওয়ায় আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সমাজকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি মানবিক সংগঠন- রাউজান ব্লাড ব্যাংক, আর্য্য সংঘ, করুণা সংঘ, ছন্দক এবং বৈল্যার দিঘির পাড় পল্লী উন্নয়ন সংঘকে সংবর্ধনা এবং ধম্মশিক্ষা ও প্রজ্ঞাচর্চা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫০ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

পবিত্র ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন জ্ঞানরক্ষিত শ্রমণ। মানব কল্যাণে ধম্মকথার সহ-সভাপতি একান্ত বড়ুয়া বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন শ্রবণ বড়ুয়া আকাশ। স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক সুপ্রিয়াল বড়ুয়া। সংগঠনের সভাপতি অভি বড়ুয়া অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অশ্মি বড়ুয়া ও প্রারম্ভ বড়ুয়া।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে রাউজান ব্লাড ব্যাংক। কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন অন্তু বড়ুয়া (১), সনজিত বড়ুয়া বিকি, অন্তু বড়ুয়া (২), সুমেধ চৌধুরী, সৌমিক বড়ুয়া, হৃদয় চৌধুরী, অর্পন বড়ুয়া, বিজয় বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, চিনময় বড়ুয়া, বিকি বড়ুয়া, তমাল বড়ুয়া, রবিন বড়ুয়া, শিপন বড়ুয়া, সুমিত বড়ুয়া ও সাগর বড়ুয়া।

বক্তারা বলেন,ধম্মচর্চা ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও প্রজ্ঞার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে ‘মানব কল্যাণে ধম্মকথা’ প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও ধম্মশিক্ষা, প্রজ্ঞাচর্চা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ক্যাটাগরি