আইনের কাঠামোর বাইরে কোনো ‘ক্রসফায়ার’ নয়: আইনমন্ত্রী
খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
আইনের কাঠামোর বাইরে গিয়ে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ার’-এর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সন্ত্রাস ও অপরাধ দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই; প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করলেই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে বিচারপ্রার্থী মানুষ যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পান, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার পথে যেকোনো বাধা দূর করা হবে। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্যও ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
আসাদুজ্জামান বলেন, বিগত সরকারের সময় তৈরি হওয়া বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে। পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থকেন্দ্রিক; অযথা বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।
সাইবার নিরাপত্তা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনলাইন নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের কার্যকর প্রয়োগ আরও জোরদার করা হবে।
সভায় খুলনা জেলার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টরা আইনমন্ত্রীর সামনে মতামত ও পরামর্শ তুলে ধরেন।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
এ ছাড়া বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুকসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
এ সময় তিনি মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আদালতে মামলাজট কমানোর জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় খুলনা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিচারকরা উপস্থিত ছিলেন।