বেতবুনিয়া কলেজে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট ২০২৬) বেতবুনিয়া কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ও জননেতা ছৈয়দুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতবুনিয়া কলেজের নির্বাহী কমিটির দাতা প্রতিনিধি এম এ মনসুর।
প্রধান অতিথির বক্তব্যে ছৈয়দুল আলম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এম এ মনসুর বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য নির্ভর করে তার জ্ঞান, চরিত্র, সততা ও মানবিক গুণাবলির ওপর। শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়।