বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লামার উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ। প্রধান অতিথি ছিলেন ডা. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম, ডা. দীপ্তি ত্রিপুরা, ডা. সাকিবুল ইসলাম, স্যানিটারি ইনস্পেক্টর খুকুমণি বড়ুয়া, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরণ বড়ুয়া, ফখরুল ইসলাম রাসেল, সিনিয়র স্টাফ নার্স নীলিমা রাণী দাশ, জুনিয়র নার্সবৃন্দ, অতিথি হিসেবে সাংবাদিক নজরুল ইসলাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভাপতির বক্তব্যে ডা. সোলায়মান আহমেদ বলেন, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, কর্মজীবী মায়েরা প্রয়োজনে ব্রেস্ট পাম্পের মাধ্যমে দুধ সংগ্রহ করে স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করে পরে শিশুকে খাওয়াতে পারেন। কর্মস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন এবং মাতৃদুগ্ধবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ডা. সাইফুল ইসলাম বলেন, শিশুকে কখনো শুয়ে শুয়ে মাতৃদুগ্ধ পান করানো উচিত নয়। এতে দুধ কানে প্রবেশ করে সংক্রমণ, কান পাকা এবং অন্যান্য জটিলতা সৃষ্টি হতে পারে। তাই শিশুকে সঠিকভাবে কোলে নিয়ে দুধ খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

ডা. সাকিবুল ইসলাম বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুর জন্য শুধু মায়ের দুধই যথেষ্ট। এ সময় অন্য কোনো খাবার বা পানি দেওয়ার প্রয়োজন নেই।

ডা. দীপ্তি ত্রিপুরা বলেন, মায়ের দুধের কোনো বিকল্প নেই। শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে মাতৃদুগ্ধই সবচেয়ে নিরাপদ ও আদর্শ খাদ্য।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম। তিনি বলেন, “বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬-এর প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিটি পরিবারে মাতৃদুগ্ধ পান বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাক। শিশুর জীবনের সর্বোত্তম সূচনা নিশ্চিত করতে জন্মের পর থেকেই মাতৃদুগ্ধ পানকে গুরুত্ব দিতে হবে। সুস্থ মা, সুস্থ শিশু ও সুস্থ জাতি গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান”। কর্মসূচির আয়োজন করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

ক্যাটাগরি