ঈদগাঁও থানায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ‘সবুজ পৃথিবী, সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পুলিশের উদ্যোগ
সেলিম উদ্দিন ঈদগাঁও (কক্সবাজার)
‘সবুজ পৃথিবী, সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে কক্সবাজারের ঈদগাঁও থানার উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় থানার পুলিশ সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে থানা চত্বরে বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করেন।
বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁও থানা প্রাঙ্গণে এ সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণকালে ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি সুস্থ, সবুজ আগামী প্রজন্ম গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে পুলিশের এই সবুজায়ন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।