সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সাতকানিয়ায় ১০০ বন্যার্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিল কাঞ্চনা বয়েজ ক্লাব

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাঞ্চনা বয়েজ ক্লাব।
রোববার (১৯ জুলাই) বিকেলে কাঞ্চনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ মঈন উদ্দীন হাসান।

সভাপতির বক্তব্যে মঈন উদ্দীন হাসান বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়বদ্ধতা। কাঞ্চনা বয়েজ ক্লাব অতীতেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিল,ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুন, যাতে দুর্যোগে কেউ অসহায় না থাকে।
তিনি আরও বলেন, মানবিক উদ্যোগ কেবল একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি সমাজের সম্মিলিত দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।

কাঞ্চনা বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের নীতিনির্ধারণী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি জসীম উদ্দীন, আবুল মহসিন, শেখ রাসেল,শফি উদ্দিন, গিয়াস উদ্দীন আহমদ, দোলন দাশ, দিদারুল আলম টিপু, মহিউদ্দিন, শওকত আকবর, সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল হিরু প্রমুখ।
এ সময় ক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহিন, সাইফুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের সদস্যদের হাতে নগদ সহায়তা তুলে দেন অতিথিরা।-বিজ্ঞপ্তি

ক্যাটাগরি