শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

পাইকগাছায় জুলাই আন্দোলনের পঙ্গুত্ববরণকারী ও বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ফাহিম ইসলাম খুলনা

খুলনার পাইকগাছায় জুলাই আন্দোলনের পঙ্গুত্ববরণকারী ও বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীসহ জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

তিনি আরও বলেন, দেশে খুন, জখম, হত্যা, নৈরাজ্য, শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও চাঁদাবাজির মতো অপরাধ অনতিবিলম্বে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এসব ঘটনার প্রতিবাদে ঢাকায় বৃহত্তর জাতীয় আন্দোলন গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমির ডা. আসাদুল ইসলাম, পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, কপিলমুনি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল, চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা শফিকুল ইসলাম ও ডা. আব্দুল খালেক।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের পঙ্গুত্ববরণকারী, আহত এবং সকল বীর শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার।

ক্যাটাগরি