ইস্তানবুল ফাউন্ডেশনের ত্রাণ নিয়ে লোহাগাড়ার পদুয়ায় পৌঁছালেন এমপি মাসুদ বিন সাঈদী
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও লোহাগাড়ার অসহায় মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী নিয়ে এগিয়ে এসেছে ইস্তানবুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান, পিরোজপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী (এমপি) বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ পাঠান।
দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে ত্রাণবাহী গাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌঁছায়। পরে বন্যাকবলিত পরিবারের মাঝে বিতরণের জন্য ত্রাণসামগ্রী সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় স্থানীয়রা জানান, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের দুর্দিনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি ইস্তানবুল ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
স্থানীয়দের পক্ষ থেকে ইস্তানবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য মাসুদ বিন সাঈদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে তারা দোয়া করেন, আল্লাহ তাআলা তাঁর এই মানবিক উদ্যোগ কবুল করুন এবং দেশের দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার তাওফিক দান করুন।
উল্লেখ্য, স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সাতকানিয়া-লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর উদ্যোগ ও সমন্বয়েও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।