পূর্ব বাগমুয়া জামে মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শনে নুরুল ইসলাম সিকদার, নির্মাণকাজে সহযোগিতার আহ্বান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পূর্ব বাগমুয়া ৩নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব বাগমুয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনের আগে তিনি মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক খালেদ হোসেন, সদস্য সচিব আব্দুর রশিদ, পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে তিনি নির্মাণাধীন মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং মসজিদের নির্মাণকাজের জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় নুরুল ইসলাম সিকদার বলেন, “মসজিদ নির্মাণ একটি মহৎ ইবাদত। আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করা প্রত্যেক মুসলমানের জন্য সৌভাগ্যের বিষয়। সমাজের বিত্তবান ও প্রবাসী মুসলিম ভাই-বোনদের প্রতি আহ্বান জানাই, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে এই মহৎ কাজে অংশগ্রহণ করুন।”
মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক খালেদ হোসেন নুরুল ইসলাম সিকদারের অনুদান ও সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতায় মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
পরিদর্শন শেষে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হওয়া, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।